দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে হাতুড়ির আঘাতে মো. আল-আমিন শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে। গ্রেপ্তার সাইফুল ইসলাম একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের একটি পুরোনো কাছারি ঘরে বসে শাকিল ও সাইফুল লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সাইফুল সঙ্গে থাকা একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় পরপর কয়েকটি আঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ফার্মেসিতে এবং পরে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সাইফুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, শাকিল ও সাইফুল দীর্ঘদিনের বন্ধু ছিলেন। লুডু খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে সাইফুল হাতুড়ি দিয়ে শাকিলকে আঘাত করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে লুডু খেলাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/